July 18, 2026, 10:08 pm

বন্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 3 Time View

দেশে বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং যেকোনো বিপদ-আপদে জনগণের পাশে থাকা। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই মূলনীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শুধুমাত্র ঘরবাড়ি হারানো পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির সঠিক জরিপ চালিয়ে তাদেরও সহায়তা প্রদান করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, পানি উন্নয়ন বোর্ড আর স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এখন থেকে স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, যাতে পানি নিষ্কাশনের সময় যথাসময়ে তা খুলে দেওয়া যায়। তিনি বলেন, বন্যা ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ হিসেবে নদী ও সমুদ্র উপকূলে থাকবেই, তবে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় এরই মধ্যে শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ না পড়ে। অনুষ্ঠান শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৭ জুলাই) সকালে নিজের জন্মভূমি কক্সবাজারে দুই দিনের সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিনে তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। শনিবার রাতে তার কক্সবাজার থেকে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category