রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়েছে। ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর হাসপাতালটি আবার রোগীদের সেবা দিতে প্রস্তুত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পুরোদমে শুরু হবে।
এর আগে সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেবা চালুর এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে চিকিৎসাসেবা ফের শুরুর সুযোগ পাওয়ায় মহান আল্লাহতাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সংকটময় সময়ে যারা হাসপাতালটির পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের প্রতিও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।