মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব প্রদান করছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জানান যে ইরান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে এবং দিন যত গড়াচ্ছে তারা আলোচনার বিষয়ে ততই মনোযোগী হয়ে উঠছে। এর কারণ সবার কাছেই পরিষ্কার বলে তিনি উল্লেখ করেন।
ইরানের ওপর বড় ধরনের কোনো সামরিক হামলা চালানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ তবে তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল যে, ট্রাম্প ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এমনকি এই অভিযানের আকার ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় হতে পারে বলে দাবি করা হয়েছিল।
ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, তিনি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছেন এবং তিনি সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন। তার ভাষ্যমতে, সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানিয়েছেন যে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্প নিজেও এই হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেননি।