July 19, 2026, 6:33 am

ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো চালু হচ্ছে চ্যাম্পিয়নশিপ রিং

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 4 Time View

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপাজয়ী দলকে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখা যাবে। মার্কিন ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন দলকে আংটি দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, বিশেষ করে এনএফএলের সুপার বোলজয়ীদের এই সম্মান জানানো হয়। সেই সংস্কৃতিই এবার প্রথমবারের মতো ফিফার কোনো বড় প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে।

আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় শক্তি স্পেন। ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের জন্য এবার এই নতুন সম্মাননা থাকছে। এই আয়োজনের অংশ হিসেবে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য ৩০টি আংটি বরাদ্দ থাকবে এবং বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।

প্রতিটি আংটির নকশায় এক পাশে বিশ্বকাপ ট্রফি এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক ফুটিয়ে তোলা হবে। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট খেলোয়াড় বা কর্মকর্তার আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। এছাড়া প্রতিটি আংটির সঙ্গে একটি সত্যায়নপত্রও প্রদান করা হবে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি তাদের ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category