July 19, 2026, 1:59 pm

জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ একজন

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 3 Time View

জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার (১৮ জুলাই) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে সেন্টকম জানায়, গত ১৭ জুলাই জর্ডানে ইরানের হামলা প্রতিহত করার সময় যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর দুই সেনা নিহত হন। একই ঘটনায় একজন সেনাসদস্য নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামলায় আহত চার মার্কিন সেনাকে দ্রুত জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনা প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন বলে সেন্টকম জানিয়েছে। নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লেখেন, “বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।”

এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো ওই হামলায় বেশ কয়েকটি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ মাস ধরে চলমান সংঘাতে এই ঘটনার পর নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category