নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার (১৯ জুলাই) ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার প্রতি তার প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থনের কথা জানান।
বৈঠককালে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বিশেষ বার্তা পৌঁছে দেন। এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’
রোববারের এই ফাইনাল ম্যাচটিকে অনেকেই প্রতীকী গুরুত্বের লড়াই হিসেবে বিবেচনা করছেন। এর কারণ হিসেবে দেখা হচ্ছে ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যকার স্পষ্ট পার্থক্য। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং বিভিন্ন ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও লক্ষ্য করা গেছে।