July 17, 2026, 10:03 pm

বিশ্বকাপ বিজয়ীদের জন্য বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ চালু করছে ফিফা

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 4 Time View

ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এতদিন চ্যাম্পিয়নদের সাফল্যের প্রতীক হিসেবে সোনালি ট্রফি আর পদকই ছিল মূল অনুষঙ্গ। তবে এবার সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে এক নতুন রাজকীয় মাত্রা। ফিফা প্রথমবারের মতো বিশ্বজয়ী দলের জন্য বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ চালু করার ঘোষণা দিয়েছে। উত্তর আমেরিকার এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেই ধারায় এবার ফুটবলের বিশ্বমঞ্চেও এই বিশেষ সম্মাননা যুক্ত হতে যাচ্ছে।

ফিফার তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে। প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের প্রতীক, রং ও পরিচয় খোদাই করা থাকবে। এছাড়া বিজয়ী দলের খেলোয়াড়দের জন্য তৈরি প্রতিটি রিংয়ে আলাদা সিরিয়াল নম্বর থাকবে এবং মালিকের আঙুলের মাপ অনুযায়ী তা প্রস্তুত করা হবে। এর সঙ্গে একটি সত্যায়নপত্র বা সার্টিফিকেট অব অথেনটিসিটি প্রদান করা হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে ফিফা জানিয়েছে, ফাইনাল শেষে মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী চূড়ান্ত ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ এবং স্পেন তাদের দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামছে। যে দলই শিরোপা জিতুক না কেন, ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল, যাদের আঙুলে উঠবে ফিফার এই নতুন চ্যাম্পিয়নশিপ রিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category