যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির ফলে আগের দিনের বাজার দর পতনের ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠেছে জ্বালানি তেল।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহের মতো এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে তেলের এই ঊর্ধ্বমুখী দামের নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। শুক্রবার সকালের লেনদেনে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজার নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ দিনের লেনদেন শুরুর সময় ৩ শতাংশের বেশি কমেছে।
অন্যদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকায় উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানির বিষয়টি স্বীকার করেনি। এছাড়া হামলাটির বিস্তারিত কারণ বা নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।