কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক এক মতবিনিময় সভা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল এলাকায় আয়োজিত ওই সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেবীদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আউয়াল চেয়ারম্যানের প্রভাতী ফিসারিজ অফিসের কক্ষে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যান ছাড়াও সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম, ছোটশালঘর আওয়ামী লীগের নেতা মো. শাজাহান মাস্টারসহ দলটির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ স্থানীয় জনগণের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবাসংক্রান্ত বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। এসময় উত্থাপিত সমস্যাগুলো তিনি একটি ডায়েরিতে নোট করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তবে সভায় আওয়ামী লীগ নেতাদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের উপস্থিতিতে সভা আয়োজনের বিষয়টি স্থানীয় বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদদীন সরকার বলেন, হাসনাত আব্দুল্লাহর কথার সাথে কাজের কোনো মিল নেই। তিনি মাঠে একরকম কথা বলেন আর কাজ করেন অন্যরকম। উপজেলা বিএনপির আহ্বায়ক প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য কীভাবে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সভা করতে পারেন? তার এমন আচরণে জনগণ ক্ষুব্ধ।
এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে বড়শালঘর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আউয়াল চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একই বিষয়ে জানতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এবং তাকে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।