ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা নিশ্চিত করার পর গত বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজেদের প্রথম অনুশীলন সেশনে মাঠে নেমেছিল লা রোজারা। তবে এই গুরুত্বপূর্ণ সেশনে দলের দুই তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি।
স্প্যানিশ কোচিং স্টাফের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা ম্যাচ খেলার কারণে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই দুই খেলোয়াড়কে বিশ্রামে রাখা হয়েছে। নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে দলের অন্য সদস্যরা যখন অনুশীলন করছিলেন, তখন ইয়ামাল ও পোরো আলাদাভাবে তাদের ফিটনেস নিয়ে কাজ করেছেন।
বিশেষভাবে ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ লক্ষ্য করা গেছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলার সময় তিনি একই উরুতে চোট পেয়েছিলেন। সেই পুরনো চোটের প্রভাবেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাননি তিনি। এরপর ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পান ইয়ামাল। গ্রুপ পর্বে ৩৬০ মিনিটের মধ্যে তিনি ২২৫ মিনিট খেললেও নকআউট পর্বের টানা তিনটি ম্যাচে পুরো ৯০ মিনিট করে মাঠে ছিলেন এই তরুণ তারকা।
ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে ইয়ামাল ও পোরো দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে মিকেল ওইয়ারজাবাল স্পেনের প্রথম গোলটি করেছিলেন। এছাড়া পোরো অসাধারণ দক্ষতায় বক্সে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন।
আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, আর্জেন্টিনা এই ম্যাচ জিতলে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।