রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকার সামগ্রিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন। এই পরিদর্শনের সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন এবং পানি নিষ্কাশনব্যবস্থাসহ নগরীর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনের এক পর্যায়ে কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কড়া নির্দেশ দেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলামকে ডেকে নেন। এরপর বিকেল চারটার দিকে তাঁদের সঙ্গে নিয়ে তিনি নগর পরিদর্শনে বের হন।
প্রধানমন্ত্রীর গাড়িটি ইসিবি চত্বর থেকে যাত্রা শুরু করে মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট সড়ক, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড ও জাপান গার্ডেন সিটি এলাকা ঘুরে দেখে। এরপর শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।
পরিদর্শনের সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির প্রশাসক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।