মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আকাশসীমায় টহল দিচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান এবং স্টেডিয়ামের ছাদে অবস্থান নিয়েছেন সামরিক প্রশিক্ষিত স্নাইপাররা। নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে হাজারো এফবিআই এজেন্টকে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে এই আয়োজন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কিংবা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সমপর্যায়ের। তিনি বলেন, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন এবং নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তা করতে বহু ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে। কড়া নিরাপত্তার কারণে দর্শকদের ভোগান্তি এড়াতে ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রে এই ফাইনাল ম্যাচটিকে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণিবিন্যাস। গত দুই বছর ধরে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদানে অনুমোদন দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ফাইনাল শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।
এদিকে উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ফাইনালের আগে জারি করা অস্থায়ী আকাশসীমা নিষেধাজ্ঞা ভেঙে একটি ছোট বেসামরিক বিমান প্রবেশ করলে এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দেয়। এছাড়া শুক্রবার থেকে রোববারের ফাইনাল পর্যন্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সির আকাশে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কঠোর উড্ডয়ন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এফবিআই জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা শত শত ড্রোন জব্দ করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্পের উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখা, সবচেয়ে নিরাপদ এবং সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে।
জুলিয়ানি বলেন, এ কারণেই প্রেসিডেন্ট ৬২ কোটি ৫০ লাখ ডলারের (প্রায় ৪৬ কোটি ৫০ লাখ পাউন্ড) ফেডারেল নিরাপত্তা অনুদানে অনুমোদন দিয়েছেন। সৌভাগ্যক্রমে টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শেষ ম্যাচটিও আমরা নিরাপদ রাখতে চাই।