July 21, 2026, 6:14 pm

এক বছরেই ২০ লাখ মামলা কমানো সম্ভব: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 5 Time View

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সাধারণ মানুষের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি ‘বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা’ (প্রি-ফাইলিং মেডিয়েশন) কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান। গত মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান আইন, ২০২৬-এর ধারা ২১ অনুযায়ী আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমানে দেশে বিচারকের স্বল্পতার বিপরীতে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা আদালত পর্যন্ত পুরো বিচারব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। আইনমন্ত্রী জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০টি জেলায় পরিচালিত পাইলট কার্যক্রম থেকে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী, পারিবারিক আদালত আইনে ২০২৫ সালের একই সময়ে যেখানে ৩ হাজার ৫৫৯টি (৫৫৯ট) মামলা দায়ের হয়েছিল, সেখানে ২০২৬ সালের একই সময়ে মামলা নেমে এসেছে ১ হাজার ৭৪৪টিতে (৭৪৪ট)। অর্থাৎ মামলার সংখ্যা প্রায় ৫১ শতাংশ কমেছে। একইভাবে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে মামলা ২৪টি থেকে কমে ১৮টিতে নেমেছে এবং সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টনসংক্রান্ত মামলার সংখ্যা ২ হাজার ১টি থেকে কমে ৬৬১টিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৬৭ শতাংশ হ্রাস। আইনমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, যৌতুক নিরোধ আইনে দায়ের হওয়া মামলাগুলোর ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে যেখানে ৫ হাজার ৬০৫টি (৬০৫ট) মামলা দায়ের হয়েছিল, সেখানে ২০২৬ সালের একই সময়ে মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১০টিতে (৮১০ট)। অর্থাৎ ৬৭ দশমিক ৭১ শতাংশ মামলা কমেছে, যা বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের কার্যকারিতার একটি বড় প্রমাণ। গড়ে সব মিলিয়ে প্রায় ৬২ দশমিক ২ শতাংশ মামলা কমেছে বলে তিনি উল্লেখ করেন।

বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নড়াইল, যশোর, ফরিদপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় এই কার্যক্রমের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কক্সবাজার জেলায় এক লাখের বেশি মামলা বিচারাধীন থাকাকে উদ্বেগজনক উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী সেপ্টেম্বরের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মামলায় আপস-মীমাংসার সুযোগ রয়েছে, সেগুলো শুরুতেই লিগ্যাল এইড অফিসে পাঠাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন। তিনি বলেন, এই উদ্যোগ বিচারব্যবস্থার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যা সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদী ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় থেকে মুক্তি দেবে। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্টরা ভার্চুয়ালি ও সশরীরে অংশগ্রহণ করেন। আইনমন্ত্রী গণমাধ্যমকে এই জনকল্যাণমূলক কার্যক্রমের ব্যাপক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান, যাতে মানুষ আদালতের বাইরে আইনি উপায়ে বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category