বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধে বেশ চাপের মুখে পড়েছিল স্পেন। তবে সেই প্রতিকূলতা কাটিয়ে দলটি এখন দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। আজ রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ে নামবে স্পেন।
টুর্নামেন্টের শুরুটা স্পেনের জন্য খুব একটা সুখকর ছিল না, যেখানে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। সেই কেপ ভার্দেই এবারের বিশ্বকাপে চমক হিসেবে আবির্ভূত হয়। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠে বদলি হিসেবে নেমে বিশ্বকাপ অভিষেক হয় তরুণ তারকা লামিন ইয়ামালের। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে নিজের প্রথম বিশ্বকাপ গোল পেলেও এরপর আর গোল পাননি তিনি। তবে ১৯৫৮ সালে পেলের পর ইয়ামালই এখন বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়।
২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের এবারের আসরে অন্যতম ভরসার নাম মিকেল ওইয়ারযাবাল, যিনি এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে তিনিই দলের প্রথম গোলটি করেন। এছাড়া গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন মিকেল মেরিনো।
ফাইনালের আগে দলের অনুশীলনে বৃহস্পতিবার ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরো পুরো দলের সাথে অংশ নেননি। সেমিফাইনালে গোল করা পোরোর শারীরিক অবস্থা নিয়ে সামান্য শঙ্কা থাকলেও, কোচ লুইস দে লা ফুয়েন্তে তাদের নিয়ে খুব একটা চিন্তিত নন। নকআউট পর্বে দে লা ফুয়েন্তে প্রায় একই একাদশ নিয়ে খেলেছেন এবং আর্জেন্টিনার বিপক্ষেও তিনি সেই ছক ধরে রাখার সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ হিসেবে ভাবা হচ্ছে: উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, আলেক্স বায়েনা, দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল ও লামিন ইয়ামাল।