দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে বাংলাদেশে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে। গণতন্ত্র সচল থাকলে অন্যান্য কাজগুলো সহজ হয়ে যায়। রোববার দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। রাষ্ট্রকে এগিয়ে নিতে প্রশাসনের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় সংসদের কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের নানাবিধ সমস্যা, রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলন থাকবেই, কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়েই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে।
ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, প্রতিবেশী দেশটিতেও নানা সমস্যা রয়েছে, কিন্তু তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুদৃঢ়। সেখানে বিচার বিভাগ স্বাধীন, প্রশাসন দক্ষ এবং মিডিয়া শক্তিশালী বলেই গণতন্ত্র টিকে আছে।
আইনজীবী ও বিচারকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার—এই দুটি বিষয় সবসময় ধরে রাখার চেষ্টা করতে হবে। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দুর্ভাগ্যবশত গত কিছুদিন আমরা এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছি। তবে আগামী দিনগুলোতে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ইনসাফ কায়েম করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।