সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরি এবং হুতিদের মোকাবিলা করার অংশ হিসেবেই বাংলাদেশ এই নতুন জোটে অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল হজ বা ওমরাহর মধ্যে সীমাবদ্ধ নয়। ঢাকা ও রিয়াদের এই সম্পর্ক কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং কৌশলগত ও মজবুত একটি অবস্থানে নিয়ে যাওয়াই লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব যদি কোনো সহায়তা চায়, তবে নৈতিক ও আদর্শিক জায়গা থেকে বাংলাদেশ সবসময় সাড়া দেবে। এই জোট মূলত সেখানে হুতি চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যেই কাজ করবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইরানের সঙ্গেও বাংলাদেশের আলোচনা চলছে, তাই এই জোটের অর্থ এই নয় যে ইরানকে আক্রমণ করতে হবে। জোটের কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ কেমন হবে—এমন প্রশ্নে তিনি বলেন, হুতিদের মোকাবিলায় যে ধরনের সহায়তা প্রয়োজন, বাংলাদেশের সামর্থ্য ও রিসোর্স অনুযায়ী তা সরবরাহ করা হবে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের শেষ পর্যায়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হয়েছে।