যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও প্রবাসীদের অবস্থান বা ওভারস্টে রোধ করতে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক ভিসা বন্ড নীতি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন সরকার। গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন বিধানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে।
নতুন এই নীতিমালার আওতায় তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা যখন ব্যবসায়িক (বি-১) ও পর্যটন (বি-২) ভিসার জন্য আবেদন করবেন, তখন কনস্যুলার কর্মকর্তারা চাইলে তাদের সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার নির্দেশনা দিতে পারবেন। এই ৫০টি দেশের তালিকায় বাংলাদেশের পাশাপাশি আফ্রিকার প্রায় ৩০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে পরীক্ষামূলকভাবে এই ভিসা বন্ড কর্মসূচি চালু ছিল, যেখানে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ রাখা হয়েছিল। তবে নতুন বিধানে ৫ হাজার ডলারের বিকল্পটি বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের ভাষ্যমতে, ভিসা সংক্রান্ত শর্ত লঙ্ঘন এবং ওভারস্টে কমিয়ে আনার লক্ষ্যেই এই ব্যবস্থা স্থায়ী করা হচ্ছে। তবে কোন আবেদনকারীর ক্ষেত্রে ঠিক কত পরিমাণ বন্ড প্রযোজ্য হবে, তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার বিবেচনার ভিত্তিতে নির্ধারিত হবে।