August 1, 2026, 8:37 pm

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 2 Time View

দীর্ঘ আলোচনা ও নানা সমালোচনার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাকস্বাধীনতা ও দীর্ঘদিনের শোষণের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত বিজয় লাভ করে। তৎকালীন শাসনব্যবস্থার পতনের পর গণভবন জনতার দখলে চলে যায়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধরে রাখার লক্ষ্যেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়।

জাদুঘরটিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মারক, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, আন্দোলনের ব্যানার ও প্ল্যাকার্ডসহ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন নিদর্শনও এখানে প্রদর্শিত হবে।

এর আগে জাদুঘরটি চালুর বিষয়ে কয়েক দফা চেষ্টা চালানো হলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। বিশেষ করে নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সরকার সেই সব অনিশ্চয়তা কাটিয়ে ৫ আগস্ট এটি সাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতি ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা মানুষের কাছে তুলে ধরাই এই জাদুঘর সাজানোর মূল লক্ষ্য। তিনি বলেন, ভবিষ্যতে কোনো শাসক যদি স্বৈরাচারী পথে পা বাড়াতে চায়, তবে এই জাদুঘর তাদের জন্য একটি সতর্কবার্তা ও শিক্ষা হয়ে থাকবে। জনগণই রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার অধিকারী এবং প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন যে অনিবার্য, এই জাদুঘর সেই বার্তাই বহন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category