রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে নিচে লাফ দিয়ে রিয়া (২০) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুণীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিয়া দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার প্রয়োজনে তাকে হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। নিহতের বাবা লতিফ মল্লিক জানান, ভোরের দিকে সবার অগোচরেই রিয়া ভবনের ওপর থেকে নিচে লাফ দেন।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাস করার পরই তার বিয়ে হয়েছিল সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে। স্বামী বিদেশে চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটলে পাঁচ দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।