August 2, 2026, 9:42 pm

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 2 Time View

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সম্ভাব্য একটি সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অনুরোধের কারণেই তিনি এই হামলা স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এই সমঝোতাটি দ্রুত চূড়ান্ত করতে হবে।

ট্রাম্পের ভাষ্যমতে, এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে ও পুরোপুরি উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। এর আগে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পর তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক আলোচনার সময় সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর নতুন কোনো হামলা চালায়, তবে তার সমানুপাতিক জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং হামলার পরিকল্পনা বাতিল করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, শুক্রবার ট্রাম্প ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর হামলার হুমকি দিয়েছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অঞ্চলটির ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category