August 1, 2026, 10:39 pm

ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি ও সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 2 Time View

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্ববর্তী তদন্ত কমিটির স্থায়ী বহিষ্কারের সুপারিশটি এখন বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনালই তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ড. সাদেকা হালিম ২০২২ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি কোনো মন্তব্য করবেন না।

একই সাথে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নীল দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পাঁচজনসহ মোট ছয়জন অধ্যাপককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল মুহিত, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রফিক শাহরিয়ার, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আফরোজা শেলী এবং একই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। তদন্ত চলাকালীন তারা কোনো ক্লাস নিতে পারবেন না এবং প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। এর মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে একাডেমিক অনিয়ম ও এমফিল-পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগও রয়েছে। অব্যাহতি পাওয়া শিক্ষকরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া হেকেপ প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কিনা তা পর্যালোচনার জন্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, অফিস শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম মাহবুব মুস্তাফাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category