যৌন অসদাচরণের অভিযোগের মুখে পড়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান তার পদ হারিয়েছেন। সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো ভোটের মাধ্যমে তাকে অপসারণের এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে দুইটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইসিসির মোট ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি দেশ করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা যৌন অসদাচরণের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন করিম খান।
উল্লেখ্য, আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনকালে করিম খান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগে নেতৃত্ব দিয়েছিলেন। ইসরাইল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তার আনা মামলাগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ। শেষ পর্যন্ত এসব ঘটনার প্রেক্ষাপটে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর ভোটে নিজের পদ থেকেই সরতে হলো করিম খানকে।