July 22, 2026, 3:56 pm

উজিরপুরে ৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 0 Time View

বরিশালের উজিরপুর উপজেলায় মৎস্য বিভাগের এক বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার হারতা বাজারে এই অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত জাল প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। অভিযানে মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী এবং উজিরপুর মডেল থানার এসআই মো. ফাহাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৯টি বোডা জাল উদ্ধার করা হয়। মৎস্য বিভাগের তথ্যমতে, উদ্ধারকৃত এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হারতা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে এসব নিষিদ্ধ জাল কেনাবেচা চলছিল। এ ধরনের জালের ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে মৎস্য বিভাগ এই বিশেষ অভিযান জোরদার করে।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, অবৈধ জাল মজুদ, বিক্রি বা ব্যবহারের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এবং বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category