খুলনার আলোচিত ১৭ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনা হত্যা মামলায় নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার বাবা মো. আলীম হোসেন আকাশ (৪০)। রোববার (১৯ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. আসাদুর জামানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৮ জুলাই) দুপুরে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে র্যাব-৬ স্পেশাল কোম্পানি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ অভিযানে আলীম হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছিল।
মামলার তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যা করা হয়। হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার তিন নম্বর সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকালে প্রযুক্তিগত তথ্য, আলামত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নিহতের বাবা আলীম হোসেন আকাশের সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। এর আগে গত ১০ জুলাই এই মামলায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তিনিও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।