August 1, 2026, 11:47 pm

নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026
  • 3 Time View

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রেপো রেটের পাশাপাশি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হারও ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে হারটি ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমে ১১ শতাংশে দাঁড়িয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) হার ৭ দশমিক ৫০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির প্রবণতা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুদহার করিডরের ভারসাম্য বজায় রেখে অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং প্রবৃদ্ধিকে সহায়তা করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। এর পাশাপাশি মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, নীতি সুদহার কমানোর এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর তহবিলের ব্যয় ধীরে ধীরে কমবে। এটি ভবিষ্যতে ঋণের সুদহার হ্রাস এবং বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে মূল্যস্ফীতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে ভবিষ্যতেও মুদ্রানীতিতে প্রয়োজনীয় সমন্বয় আনবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category