আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে। বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেয়া উদ্যোগগুলোর প্রশংসা করেছেন। তিনি আরও জানান, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার পথে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।
বৈঠকে জ্বালানি খাত, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কাঠামোগত দুর্বলতার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেসব নিয়েও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।
আমদানি ও রপ্তানি কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। মাহদী আমিন বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই এই ব্যবস্থা কার্যকর করা হবে, যার ফলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।
একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের প্রথম সারির ব্যবসায়ীদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ এবং রপ্তানি সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ড. মাহদী আমিন আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা ও দেশীয় বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণে রাষ্ট্রীয় সেবার মান উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো সম্ভব হবে।