August 2, 2026, 9:44 pm

চর দখল সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিম ভূঁইয়া

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 2 Time View

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরারচর এলাকায় চর দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। রোববার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শনকালে সংঘর্ষে নিহত কুহিনূর আক্তারের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনের আগে এমপি সেলিম ভূঁইয়া মেঘনা উপজেলার আলীপুর বাজারে যান। সেখানে চরবিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দারা কুহিনূর আক্তার হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

এরপর তিনি মেঘনা উপজেলার চরবিনোদপুর এবং তিতাসের নতুন বাটেরারচর গ্রামে গিয়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একটি টাউট চক্র পরিস্থিতি ঘোলা করে এখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, কাউকে সেই সুযোগ দেওয়া হবে না।

এ সময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং উভয় উপজেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৬ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চর দখলকে কেন্দ্র করে মেঘনা ও তিতাসের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গলায় টেঁটা বিদ্ধ হয়ে কুহিনূর আক্তার নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার পাশাপাশি প্রায় ৭০ থেকে ৮০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category