সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতের নির্দেশনা অনুযায়ী, মামলার তদন্তের স্বার্থে মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এদিন সকাল ৯টা ২৫ মিনিটের দিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। দুপুর পৌনে ১টার দিকে তাকে এজলাস কক্ষে হাজির করা হলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনাল-২ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তাকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী ও মঈনুল করিমসহ সংশ্লিষ্ট প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।