সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের বিশেষ পাহারায় তাকে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। একই সাথে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবেন প্রসিকিউটররা। এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের শুনানি নিয়ে আদালত আসামি মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ জারি করেছিলেন।
শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, একই মামলায় আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের স্বার্থে তাদের দুজনকে মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদ করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসভবন থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফর হোসেনের মধ্যে কথোপকথনের কল রেকর্ড পর্যালোচনার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।