July 29, 2026, 7:07 pm

একের পর এক বিতর্কে চাপে জামায়াতের সাত সংসদ সদস্য

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 6 Time View

সংসদে যাওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে অন্তত সাতজন সংসদ সদস্যকে ঘিরে সৃষ্টি হওয়া তীব্র বিতর্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াত প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসলেও, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দলের এমপিদের কর্মকাণ্ড নিয়ে জনমনে অসন্তোষ ও সমালোচনার ঝড় উঠেছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, সাম্প্রতিক ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও এগুলোর ধারাবাহিকতা দলের দীর্ঘদিনের স্বচ্ছ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। জামায়াত জোটের সংসদীয় সমন্বয়কারী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, সাতটি নয়, এমন দুই-তিনটি ঘটনা থাকলেও অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ানোর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদ্রাসা যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে স্থানীয়রা তাঁদের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় এমপি ও তাঁর পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানান এবং ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে ফেলার অনুরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, এমপির মেয়ে অনন্যা মাদ্রাসা বন্ধের হুমকি দিয়েছেন এবং স্থানীয় রেক্সোনা নামের এক নারীর মাথা ফাটিয়ে দিয়েছেন। এমপি গোলাম রসুল দাবি করেন, রাস্তাটি তাঁদের কেনা এবং তাঁর মেয়ে মানসিক রোগী, যার চিকিৎসা হায়দরাবাদসহ বিভিন্ন স্থানে হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আসা ভিডিওকাণ্ড দলের জন্য সবচেয়ে বড় ইমেজ সংকট তৈরি করে। তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, যা জামায়াতের ইতিহাসে প্রথম বড় ধরনের নারী কেলেঙ্কারির ঘটনা। এছাড়া কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় মসজিদে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দিলে তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় দুটি মানহানির মামলা হয়। তিনি হাইকোর্ট থেকে জামিন পান। বাজেট অধিবেশনে তিনি ২০০ কোটি ও ৬ হাজার কোটি টাকার বাজেট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েও অস্বস্তি তৈরি করেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মু. মিজানুর রহমান সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা চেয়ে সমালোচিত হন। নীলফামারী-৪ আসনের এমপি আব্দুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে ‘জুলাইযোদ্ধা’ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করলেও পরে জানা যায় তার জন্ম ১৯৮১ সালে এবং তার বাবা জীবিত। এ নিয়ে তীব্র ট্রল হলে তিনি স্পিকারকে চিঠি দিয়ে ভুল স্বীকার করেন। নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমানের ঐচ্ছিক তহবিলের ২০২৫-২৬ অর্থবছরের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের তালিকায় তার মেয়ের নাম দুই জায়গায় পাওয়া যায়। এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরীকে পায়ে গুলি করার পরিকল্পনার একটি অডিও ফাঁস হয়, যেখানে তার পিএস আরমান উদ্দিনের কণ্ঠ ছিল বলে স্থানীয়ভাবে দাবি করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। জামায়াত আমির নেতাদের সতর্ক করে বলেছেন, সাদা কাপড়ে দাগ লাগলে তা বেশি স্পষ্ট হয়। সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি রোধে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে পিএস বা আত্মীয়দের জন্য সুপারিশ করতে নিষেধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category