July 29, 2026, 7:07 pm

বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 1 Time View

দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্যে নতুন একটি ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। এই ফ্রেমওয়ার্কের আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বহির্মুখী বা আউটওয়ার্ড রেমিট্যান্স সেবা দিতে পারবে।

নতুন এই ব্যবস্থায় বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারীদের সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা সিডিপিএসপি হিসেবে অভিহিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট বা ডিভিএ চালু করা হবে, যা মূলত ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালিত মাস্টার ডিভিএ-এর অধীনেই এই অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রিত হবে।

ডিভিএ ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা এবং সরকারি সফরসহ বিভিন্ন ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা সম্ভব হবে। এছাড়া সদস্যপদ ফি, আইটি সেবা, ভিসা ফি, হোটেল বুকিং এবং অন্যান্য অনুমোদিত খাতে অর্থ পরিশোধের সুযোগ থাকবে। পাশাপাশি ব্যবহারকারীরা নির্ধারিত সীমার মধ্যে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মেও এই অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডি হিসাবের স্থিতির বিপরীতেও এই সুবিধা গ্রহণ করা যাবে। তবে এ ধরনের সেবা চালু করার আগে সংশ্লিষ্ট ব্যাংককে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আনুষ্ঠানিক আর্থিক খাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে। এতদিন ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কেবল ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন এই ফ্রেমওয়ার্ক কার্যকর হলে বৈদেশিক ডিজিটাল লেনদেনের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category