বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (সিভিল জজ) হিসেবে ২৫০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। কমিশন জানিয়েছে, প্রয়োজনে নিয়োগের এই পদসংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে।
নিয়োগপ্রাপ্তরা ২০১৬ সালের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা স্কেলে বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। প্রার্থীদের আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা বাধ্যতামূলক। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে, যা এসএসসি বা সমমানের সনদে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী নির্ধারিত হবে।
পরীক্ষা পদ্ধতি ও সময়সূচি অনুযায়ী, প্রাথমিক পরীক্ষা ১০০ নম্বরের হবে যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং পাস নম্বর ৫০। প্রাথমিক পরীক্ষাটি ২০২৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১,০০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। প্রাথমিক, লিখিত ও মৌখিক সব পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘BJSC Form I’ পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ৬ আগস্ট ২০২৬ দুপুর ১২টায় শুরু হয়ে ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন ফি বাবদ ১,২০০ টাকা টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।