মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সংবাদ সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে দেশটির স্টেট ডিপার্টমেন্টের জারিকৃত ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই সতর্কবার্তায় বিশেষভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, সময় সময় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে যেকোনো ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চল দিয়ে যাতায়াত বা ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান কিংবা তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন অথবা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটেই এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।