ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। যেকোনো ধরনের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আইজিপি নবীন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করা প্রতিটি পুলিশ সদস্যের দায়িত্ব।
সেবা নিতে আসা কোনো মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সদা সজাগ থাকার নির্দেশ দেন আইজিপি। এছাড়া দ্রুত পরিবর্তনশীল অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইজিপি। তিনি নবীন কর্মকর্তাদের ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশসেবার মহান ব্রতে আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন এবং সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।