July 16, 2026, 9:22 pm

গাবতলীতে পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্নপত্র: এসি ল্যান্ড প্রত্যাহার

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 3 Time View

বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ভূগোল বিষয়ের পরীক্ষায় এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনলে তোলপাড় শুরু হয়।

এই ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঘটনার তদন্তে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান আরও জানান, এই বিশৃঙ্খলার জন্য কেন্দ্রসচিব এবং গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমানভাবে দায়ী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত প্রতিবেদন জমা দেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বিষয়টিকে কেন্দ্রসচিবের সুস্পষ্ট ব্যর্থতা ও অদক্ষতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইউএনওর প্রতিবেদন জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা বোর্ডে পৌঁছেছে। আগামী রোববার বোর্ডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সরেজমিন প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রসচিবের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category