যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো হামলা চালায়, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথটি অবরুদ্ধ করার জন্য ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে ইরান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনটি ভিন্ন সূত্রের মাধ্যমে এই তথ্য জানা গেছে। এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন করে বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।
ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত একজন আঞ্চলিক সূত্র জানিয়েছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর ইয়েমেনে তেহরানের মিত্র হুথিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সংবেদনশীল বিষয় হওয়ায় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
সূত্রগুলো আরও জানিয়েছে, তেহরানের এই অনুরোধ সম্পর্কে হুথিরা খুব সম্প্রতি জানতে পেরেছে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। তবে এই বার্তাটি ঠিক কীভাবে হুথিদের কাছে পাঠানো হয়েছে বা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার ঠিক পরেই এটি পাঠানো হয়েছিল কি না, তা রয়টার্সের সূত্রগুলো ব্যাখ্যা করেনি।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।