July 16, 2026, 9:09 pm

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 1 Time View

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম সারির শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় অবস্থিত তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে হওয়া সব গুম ও খুনের বিচার মাঠের একজন কর্মী হিসেবে তিনি মনেপ্রাণে চান। আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন ও রায় বাস্তবায়নে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ছয়জন ছাত্র-জনতা শহীদ হয়েছিলেন, যা জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঐতিহাসিক মাইলফলক। আবু সাঈদ ও ওয়াসিমরা আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে, এই আন্দোলন থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান। শহীদ ওয়াসিমসহ প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই আজকের দিনের মূল অঙ্গীকার হওয়া উচিত। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলে তিনি মন্তব্য করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), শহীদ ওয়াসিমের বাবা এবং কক্সবাজার জেলা ও উপজেলা ছাত্রদলের শীর্ষনেতাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category